স্মৃতির খোঁজে

অমলেশ ভট্টাচার্য্য



"স্মৃতির ভাঁজে জমছে ক্রমেই ধূলো, 

আবছা হচ্ছে হারানো দিন গুলো 

ভুলের খাদে তলিয়ে যাচ্ছে নাম 

কে পাঠালো সুগন্ধী সেই খাম।


মাঝ দুপুরের ক্লান্ত দীঘির জলে 

কার সে ছায়া ভাসছে পলে পলে, 

কোন সে বাঁশির পাগল করা সুরে 

মন ছুটে যায় আলোকবর্ষ দূরে। 


প্রথম গানের সুর যে কোথায় পেলাম 

খুঁজতে খুঁজতে এ কোন দেশে এলাম, 

এখানে সুর বড়ই বেসুর বাজে 

শব্দগুলোও জমাট বেঁধে আছে।


বন্ধু যারা ছিল মনের কাছে 

সময় এসে আড়াল করে মাঝে

ইচ্ছে নদী শুকনো জলের ধারা

ক্ষয়িষ্ণু চাঁদ অবাক রাতের তারা।


একলা বিকেল থাকলে একটু কাছে

অনেক কথা বলার বাকি আছে,

অচেনা সুর দূর দিগন্ত জুড়ে 

ছিন্নবীনার বাঁধব যে তার সুরে।


*********************